প্রেস বিজ্ঞপ্তি 

শারদীয় দুর্গাপূজা ২০২৪

বিপুল উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা বিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালুমনাই এসোসিয়েশন ইউকে এবারও আয়োজন করেছে বাঙালীদের প্রানের উৎসব শারদীয় দুর্গাপূজা। পূর্ব লন্ডনের জ্যাক কার্টার প্যাভিলিয়ন আয়োজিত ৫ দিন ব্যাপী এই দুর্গোৎসবে অনেক মানুষের সমাগম হয়। প্রতিদিন সকালে মা দুর্গার পূজা, আরাধনা ও অঞ্জলির মাধ্যমে শুরু হয়ে সন্ধ্যায় ছিলো আরতী, শঙ্খধ্বনি, ঢাক-ঢোল আর ধুনচি নাচ।

সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় সাহার সার্বিক পরিচালনায় পূজার পাঁচ দিনই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়েছেন বাঙালি কমিউনিটির প্রথিতযশা সংগীত শিল্পীবৃন্দ। তাদের মধ্যে ছিলেন পুনম ঘোষ, জয় ভৌমিক, ইন্দ্রানী দত্ত, জয়িতা দেব গুপ্তা এবং প্রীতম সাহা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বিলেতে বেড়ে ওঠা শিশু-কিশোরদের বাঙালী সংস্কৃতিতে নাচ-গান-আবৃত্তি এবং বাদ্যযন্ত্র পরিবেশনা।

পূজো মন্ডপের আকর্ষণীয় মন্চসজ্জা, আয়োজকদের নিরতিশয় আতিথেয়তায় মুগ্ধ দর্শনার্থীরা প্রতিদিন ভক্তিভরে মায়ের চরনে পুষ্পার্ঘ অর্পণ করেন। সেই সাথে প্রতি দুপুর-রাত্রি উপভোগ করেছেন পূজোর প্রসাদ এবং রকমারি অন্নভোগ। ধর্মীয় কুসংস্কার এবং কলুষতা ছেড়ে এ উৎসবে যোগ দিয়েছিলেন সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ বিভিন্ন স্তরের মানুষ। বাংলাদেশের কিছু স্থানে যখন মূর্তি ভাংগার ঘটনা ঘটেছে তখন বিলেতের মুক্তমনের মানুষরা পূজোর আনন্দে মিশে গিয়ে আবারো প্রমাণ করলেন দূর্গা পূজো সার্বজনীন।

উৎসবের শুরু এবং সমাপ্তে বক্তব্য রাখেন জগন্নাথ হল অ্যালুমনাই এসোসিয়েশন ইউকে এর মাননীয় সভাপতি গৌতম সাহা ও সাধারণ সম্পাদক সুকুমার সাহা। প্রতিদিনের অনুষ্ঠান পরিচালনা করেন অমিতাভ সিকদার, নন্দিতা সাহা, শিমুল দে, সন্জীব সাহা এবং নীপা সাহা। সবশেষে এসোসিয়েশন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে অশুভ শক্তির বিনাশ, মুক্ত বিবেক এবং জাগ্রত মানবতার আহবান জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষনা করা হয়।